মান্দায় পুকুর থেকে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১৫:২১
নওগাঁর মান্দায় পরিত্যক্ত অবস্থায় পুকুর থেকে কষ্টি পাথরের ১০ কেজি ওজনের লক্ষ্মী মূর্তি উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে উপজেলার গাংতা গ্রামের ময়নুল হকের একটি পুকুর থেকে উদ্ধার করা হয়।
 
জানা গেছে, ময়নুল হকের পুরাতন পুকুর গত কয়েক দিন আগে থেকে খনন কাজ শুরু করা হয়। খননের সময় সকালে মাটির মধ্যে লক্ষ্মী মূর্তিটির সন্ধান পান শ্রমিকরা। স্থানীয়রা পুকুর থেকে তুলে থানায় সংবাদ দেন। সংবাদ পেয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।মূর্তিটির মূল্য প্রায় কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
 
গাংতা গ্রাম মুসলিম অধ্যুষিত গ্রাম। ওই গ্রামের ওই পুরাতন পুকুরে কিভাবে লক্ষ্মী মূর্তিটি এলো তা জানা যায়নি। পুকুরটির মালিক পক্ষের ময়নুল হক জানান, ওই পুকুরটি তাদের পারিবারিকভাবে পাওয়া। পুকুরটি ভরাট হওয়ায় খনন কাজ চলার সময় মূর্তিটি পাওয়া যায়।
 
স্থানীয়রা ও পুলিশ ধারণা করছে, কোন এক সময় গাংতা গ্রামে হিন্দু সম্প্রদায়ের লোকজন বসবাস করতেন। তারা হয়তো ওই পুকুরে বিসর্জন ফেলে দিয়ে অন্যত্র চলে গেছেন। এরপর থেকে ওই পুকুরের মাটির মধ্যে পরিত্যক্ত ছিল ওই মূর্তিটি।
 
মান্দা থানার ওসি আনিছুর রহমান জানান, ১০ কেজি ওজনের কষ্টি পাথরের লক্ষ্মী মূর্তিটি প্রত্নতত্ত্ববিভাগে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
 
ইত্তেফাক/এসএস