মস্কোয় ওএসসিই মহাসচিবের সঙ্গে বৈঠকে বসছেন লাভরভ

আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১৫:৪০
অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপ (ওএসসিই)’র মহাসচিব থমাস গ্রেমিঙ্গার সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বৈঠক হতে যাচ্ছে। সপ্তম মস্কো আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনের ফাঁকে বৈঠকটি অনুষ্ঠিত হবে। ওএসসিই সদরদপ্তরের এক মুখপাত্র বার্তা সংস্থা তাস’কে একথা জানান।
 
ওএসসিই’র মিডিয়া অ্যান্ড আউটরিচ কর্মকর্তা শিব শর্মা বলেন, ‘মহাসচিব সম্মেলনে যোগ দেবেন।’ তিনি আরো বলেন, ‘তবে লাভরভের সঙ্গে তার বৈঠকের বিষয়টি নিশ্চিত হলেও সময়সূচী এখনও নির্ধারিত হয়নি।’ শিব বলেন, ‘ওএসসিই অঞ্চলের বর্তমান নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়েই মূলত আলোচনা হবে।’ 
 
সপ্তম মস্কো আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন ৪ ও ৫ এপ্রিল অনুষ্ঠিত হবে। এর আগে রাশিয়ার ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আলেক্সান্ডার ফোমিন বলেছেন, সম্মেলনে ৩০টির বেশি দেশের প্রতিরক্ষা মন্ত্রীর যোগ দেয়ার কথা রয়েছে। তাস।
 
ইত্তেফাক/সেতু