শিক্ষা ও যোগাযোগ খাতে উন্নয়ন হলে জাতি উন্নত হয়: ত্রাণমন্ত্রী

আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১৬:৩০
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বর্তমান সরকারের উন্নয়নে ইতোমধ্যে দেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় প্রত্যয়ে দেশ এগিয়ে চলেছে। প্রধানমন্ত্রী এ জাতিকে উন্নত জাতি হিসেবে গড়তে দিনরাত কাজ করছেন। শিক্ষা ও যোগাযোগ খাতে উন্নয়ন হলে একটি জাতি উন্নত হয়। তাই তিনি এ দুই বিষয়ে নিজে তদারকি করে উন্নয়ন করছেন।
 
বুধবার দুপরে চাঁদপুরের মতলব উত্তরে মোহনপুর আলী ভিলা প্রাঙ্গনে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় কর্তৃক বাস্তবায়িত ১২টি ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 
তিনি আরও বলেন, আগামী ৫০ বছরের মধ্যে আর ব্রিজ-কালভার্টের দরকার হবে না। বর্তমানে যা হয়েছে তার সুবিধা আগামী তিন সিঁড়ির মানুষ ভোগ করবে। অন্য কোন দল ক্ষমতায় এসে রাস্তা ঝাড়ু দেয়া ছাড়া আর কোন কাজ থাকবে না। সকল উন্নয়ন কাজই আওয়ামী লীগ সরকার শেষ করবে। আওয়ামী লীগ মানে বাংলাদেশ, আওয়ামী লীগ মানে উন্নয়ন।
 
উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে ও চাঁদপুর জেলা পরিষদের সদস্য মিনহাজ উদ্দিন খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা রিয়াজ উদ্দিন মানিক, ছেঙ্গারচর পৌরসভার মেয়র আলহাজ রফিকুল আলম জজ, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, সাধারণ সম্পাদক কাজী শরীফ, এখলাছপুর ইউপি চেয়ারম্যান আলহাজ মোছাদ্দেক হোসেন মুরাদ, গজরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সানাউল্লাহ মোল্লা, ফতেপুর পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরকার মো. আলাউদ্দিন, ষাটনল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইলিয়াছ আলী, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রহমত উল্লাহ সরকার লিখন প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি