২১ আগস্ট গ্রেনেড হামলা: ২৮ আসামির পক্ষে যুক্তিতর্ক পেশ

আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১৬:৪৩
রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী সমাবেশে ভয়াবহ বর্বরোচিত ও নৃশংস গ্রেনেড হামলা মামলার যুক্তিতর্ক পেশ করার ৬০তম দিন ছিল আজ।
 
রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ মামলার বিচার চলছে। মামলায় এ পর্যন্ত ২৮ আসামির পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে।
 
আজ বুধবার আসামি মাজেদ ভাটের পক্ষে যুক্তিতর্ক পেশ শেষ করেন তার আইনজীবী আব্দুর রশীদ মোল্লা। এরপর আসামি শেখ আবদুস সালামের পক্ষে যুক্তিতর্ক পেশ শুরু করেন তার আইনজীবী মাঈনুদ্দিন। এ যুক্তিতর্ক পেশ অসমাপ্ত রয়েছে। মামলার পরবর্তী তারিখ ধার্য করা রয়েছে ২, ৩ ও ৪ এপিল।
 
আদালতে আজ রাষ্ট্রপক্ষে ছিলেন প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান, বিশেষ পিপি মো. আবু আব্দুলাহ ভূঞা, আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল, অ্যাডভোকেট ফারহানা রেজা, অ্যাডভোকেট মো. আমিনুর রহমান, অ্যাডভোকেট আবুল হাসনাত, আশরাফ হোসেন তিতাস প্রমুখ। অপরদিকে আসামিপক্ষে আবদুস সোবহান তরফদারসহ বিভিন্ন আইনজীবী আদালতে উপস্থিত ছিলেন।
 
২১ আগস্টের ওই নৃশংস হামলায় পৃথক দু’টি মামলায় মোট আসামি ৫২ জন। মামলার আসামি বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপি নেতা সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ২৩ জন কারাগারে রয়েছে।
 
অন্যদিকে তারেক রহমান, বিএনপি নেতা হারিছ চৌধুরী, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মেজর জেনারেল (এলপিআর) এ টি এম আমিন, লে. কর্নেল (অব.) সাইফুল ইসলাম জোয়ার্দারসহ ১৮ জন এখনো পলাতক।
 
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের এক সন্ত্রাসবিরোধী সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলার ঘটনা ঘটে। ওই নৃশংস হামলায় ২২ জন নিহত ও নেতাকর্মী-আইনজীবী-সাংবাদিকসহ পাঁচ শতাধিক লোক আহত হন। বাসস।
 
ইত্তেফাক/এমআই