নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় নদী রক্ষায় বাস্তবমুখী পদক্ষেপ নিতে জাতীয় নদী রক্ষা কমিশনকে পরামর্শ দেয়া হয়েছে। কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম, বীর উত্তম এর সভাপতিত্বে আজ বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়।
কমিটির সদস্য নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, তালুকদার আব্দুল খালেক, মো. আব্দুল হাই, মো. হাবিবর রহমান, রণজিৎ কুমার রায় এবং মমতাজ বেগম অ্যাডভোকেট সভায় অংশগ্রহণ করেন।
বাংলাদেশ মেরিন একাডেমী, ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট, জাতীয় নদী রক্ষা কমিশনের কার্যক্রম এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনে (বিআইডব্লিউটিসি) নিয়োগ করা জনবল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় জানানো হয় নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অন্যতম সংস্থা বাংলাদেশ মেরিন একাডেমি বিগত সাড়ে পাঁচ দশক ধরে পেশাগতভাবে দক্ষ, পরিবেশ সচেতন, বুদ্ধিদীপ্ত এবং চৌকস মেরিন ক্যাডেট তৈরি করে আসছে। উচ্চ-মাধ্যমিক সনদপ্রাপ্ত নির্বাচিত প্রার্থীদেরকে জাতিসংঘের অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের ( আইএমও-ইউএন) আন্তর্জাতিক পেশাগত দক্ষতা-মান (এসটিসিডব্লিউ কনভেনশন) অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে যথাযোগ্য মেরিন ক্যাডেট হিসেবে গড়ে তুলছে।
নৌ-পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ, মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। বাসস।
ইত্তেফাক/এমআই
