তার যেন তর সই ছিল না পৃথিবীর আলোয় চলে আসার। অনাগত শিশুটির বাবা-মা হাসপাতালে আসার আগেই পথেই জন্ম নিল শিশুটি। টাঙ্গাইলের সখীপুরে সিএনজি চালিত একটি অটোরিকশায় সন্তান প্রসব করেন ওই মা।
বুধবার সকালে উপজেলার মহানন্দপুর-সখীপুর আবাসিক মহিলা কলেজ সড়কের বাগানচালা এলাকায় এ ঘটনা ঘটে। নবজাতক ওই শিশুটির মা ছালেহা আক্তার জেলার ঘাটাইল উপজেলার মাকড়াই গ্রামের রিপন মিয়ার স্ত্রী।
জানা যায়, বুধবার ভোরে প্রসব বেদনা শুরু হলে নিজ এলাকা থেকে সিএনজি চালিত অটোরিকশায় তারা সখীপুর হাসপাতালে নিয়ে আসার জন্য রওনা দেয়। হাসপাতালে আসার পথেই মনে হয় বড্ড দেরি হয়ে গেছে। অনাগত সন্তান বেশিক্ষণ অপেক্ষা করতে প্রস্তুত নয়। সখীপুর পৌরশহরের কাছে বুধবার সকাল সাড়ে ৮টার সময় অটোরিকশাতেই জন্ম নিল শিশুটি। পরিস্থিতি দেখে পথচারীরা এগিয়ে আসে।
সখীপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সেতু খান ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হাফিজুর রহমান বলেন, নবজাতককে তারা স্থানীয় একটি বাড়িতে রেখে তার মাকে নিয়ে হাসপাতালে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে দুপুরের দিকে তারা ছুটি নিয়ে চলে যায়।
ইত্তেফাক/আরকেজি
