কুমিল্লা আদালতে খালেদার জামিন আবেদনের শুনানি ৮ এপ্রিল

আপডেট : ২৮ মার্চ ২০১৮, ২০:১৪
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বুধবার পূর্বনির্ধারিত তারিখে কুমিল্লার আদালতে হাজির না করায় খালেদা জিয়ার আইনজীবীদের করা জামিনের আবেদন শুনানি হয়নি। আদালত খালেদা জিয়াকে বুধবার আদালতে হাজির না করায় সাতদিনের মধ্যে ঢাকা কেন্দ্রীয় কারা কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন বলে আদালত সূত্রে জানা গেছে।
 
আগামী ৮ এপ্রিল জামিন আবেদনের শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে। কুমিল্লা ৫নং আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আরাফাত উদ্দিন এ আদেশ দেন। বিকালে খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট কাজী নাজমুস সাদত এ বিষয়টি নিশ্চিত করেছেন।
 
এর আগে গত ১২ মার্চ আইনজীবীদের করা খালেদা জিয়ার হাজিরা পরোয়ানা প্রত্যাহার ও জামিন আবেদন আদালত ২৮ মার্চ শুনানির দিন ধার্য করেছিল। গত ১২ মার্চ গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে কুমিল্লার ৫নং আমলি আদালতের বিচারক মুস্তাইন বিল্লাহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে বুধবার আদালতে হাজিরার নির্দেশ দিয়েছিলেন।
 
কুমিল্লার কোর্ট ইন্সপেক্টর সুব্রত ব্যানার্জী জানান, কেন খালেদা জিয়াকে বুধবার ধার্য তারিখে আদালতে হাজির করা হয়নি তা জানতে বিধি মোতাবেক কুমিল্লা ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ৮ এপ্রিল।
 
উল্লেখ্য ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে দুর্বৃত্তরা পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়।
 
মামলার ৭৭জন আসামির মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিট থেকে বাদ দেয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।
 
ইত্তেফাক/আরকেজি