‘শেষ রাতের গল্পে’ মিলনের জুটি হচ্ছেন নবাগত রাকা

আপডেট : ২৮ মার্চ ২০১৮, ২১:০১
অভিনয় জগতের পরিচিত মুখ আনিসুর রহমান মিলন। ছোট ও বড় পর্দায় সমানতালে কাজ করে যাওয়া এ অভিনেতার সঙ্গে এবার জুটি হয়ে আসছেন ঢালিউডের আলোচিত নবাগত মুখ রাকা বিশ্বাস। জানা গেছে, ‘শেষ রাতের গল্প’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করবেন তারা।
 
এছাড়াও ছবির একটি চরিত্রে দেখা যাবে একে আজাদ আদরকে। এ চলচ্চিত্রটি পরিচালনা করছেন এফ আই শাহীন। তিনি জানালেন, আগামী ৫-৬ এপ্রিল পুবাইল ও ঢাকায় চলচ্চিত্রটির দৃশ্যধারণ হবে। এর চিত্রনাট্য লিখেছেন আওরঙ্গজেব। এটি প্রযোজনা করছেন রূপস মাল্টিমিডিয়া।
 
যদিও এর আগেই, নিজের নামের শেষে মিলন যোগ করে নিয়েছেন বেশ কিছু আলোচিত ছবি। যার মধ্যে ‘রাজনীতি’ পেয়েছে ব্যবসায়িক সাফল্যও। এই ছবিতে মিলনের অভিনয় মুগ্ধ করেছে দর্শক। সাদেক বাচ্চু, আলীরাজ, শাকিব খান ও অপু বিশ্বাসের মতো বড় পর্দার তুমুল জনপ্রিয় অভিনয়শিল্পীদের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে প্রমাণ করেছেন তিনি। 
 
ইত্তেফাক/সেতু