আনকাট ছাড়পত্র পেয়ে ২০ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘প্রেমের কেন ফাঁসি’

আপডেট : ২৮ মার্চ ২০১৮, ২১:৫০
আগামী ২০ এপ্রিল মুক্তি পাচ্ছে ঢালিউডের নবাগত নায়িকা রাকা বিশ্বাসের সিনেমা ‘প্রেমের কেন ফাঁসি’।  গত ২০ মার্চ সিনেমাটি আনকাট ছাড়পত্র পেয়েছে সেন্সর বোর্ড থেকে। আবু সুফিয়ান পরিচালিত ফোক ঘরানার এই ছবিতে রাকা বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন সাইফ খান।
 
রাকা বিশ্বাস বলেন, ‘আমি খুবই আশাবাদী সিনেমাটি নিয়ে। ফোক মুভি, ডিজিটাল পদ্ধতিতে এই প্রথম রুপভান ধরণের সিনেমা দর্শক দেখতে পাবে। এতে আমার অভিনীত ছয়টি গান রয়েছে, একটি সিঙ্গেল। গানগুলো খুবই মর্মস্পর্শী। অনেক পরিশ্রম করেছি নিজেকে ফুঁটিয়ে তুলতে। একটানা শ্যুটিং চলেছে, নিজের সবচেয়ে ভালো অভিনয় দিতে চেষ্টা করেছি। বাকিটা দর্শকরা জানাবেন কেমন হয়েছে।’ 
 
তিনি আরো বলেন, ‘এই সিনেমাটি আমার অভিনীত চতুর্থ সিনেমা। তবে এটি প্রথম রিলিজ হচ্ছে। আশা করি- দর্শকরা আমাকে ভালোভাবে নেবেন।’ 
 
এ বিষয়ে পরিচালক আবু সুফিয়ান বলেন, ‘গত ২০ মার্চ ‘প্রেমের কেন ফাঁসি’ সিনেমাটি সেন্সর বোর্ড থেকে আনকাট ছাড়পত্র পেয়েছে। এপ্রিলের ২০ তারিখ ছবিটি মুক্তির জন্য প্রযোজক সমিতি থেকে নিবন্ধন করেছি। সব ঠিক থাকলে ২০ এপ্রিলই সারাদেশে মুক্তি পাবে। আশা করি সবাই ছবিটি দেখে পছন্দ করবেন।’ 
 
‘প্রেমের কেন ফাঁসি’নিয়ে বেশ উচ্ছ্বসিত নায়ক সাইফ খান। তিনি এ বিষয়ে বলেন, ‘আবু সুফিয়ান স্যারের ছবি দিয়ে ২০০৯ সালে চলচ্চিত্রে অভিষেক হয় আমার। এরই মধ্যে আমি দর্শকদের সামনে পাঁচটি ছবি নিয়ে হাজির হয়েছি। আবারও স্যারের ছবিতে কাজ করে ভালো লেগেছে। আশা করি এই ছবিটিও দর্শক পছন্দ করবেন।’ 
 
এতে আরো অভিনয় করেছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা উজ্জ্বল, ড্যানি সিডাক, সাদেক বাচ্চু, রেবেকা, শিমু আহমেদ, শাহেন শাহ প্রমুখ।
 
ইত্তেফাক/ইউবি