নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, স্বাধীনতাবিরোধী চক্র বঙ্গবন্ধুকে হত্যা করে উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করেছিল। দীর্ঘদিন স্বাধীনতার স্বপক্ষের শক্তি ক্ষমতায় না থাকায় দেশের কাঙ্খিত উন্নয়ন হয়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ফরায়েজী আন্দোলন আয়োজিত ‘স্বাধীনতার ৪৭ বছরে জনপ্রত্যাশা ও অর্জন’শীর্ষক সেমিনারে তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারী এবং রাজাকার আলবদরদের বিচার হওয়ায় দেশ আজ পাপমুক্ত হয়েছে। যারা মানুষ পুড়িয়ে হত্যা করেছে তাদেরকেও বিচারের আওতায় আনা হবে।
তিনি বলেন, ফরায়েজী আন্দোলনের প্রবর্তক হাজী শরীয়তুল্লাহ শুধু ধর্ম সংস্কারক ছিলেন না, অন্যায়, অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে এক প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন তিনি। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার অনুপ্রেরণা যুগিয়েছেন হাজী শরীয়তুল্লাহ।
সংগঠনের সভাপতি আব্দুল্লাহ মোহাম্মদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ ফরায়েজী আন্দোলনের মহাসচিব মো: আজিজুল রহমান, যুগ্ম মহাসচিব মহীউদ্দীন, যুগ্ম মহাসচিব এ, টি, এম হেমায়েত উদ্দিন প্রমুখ।বাসস
ইত্তেফাক/ইউবি
