বাংলা চ্যানেল সাঁতারে প্রথম ডাবল ক্রস ভারতের সাম্পান্নের

আপডেট : ৩১ মার্চ ২০১৮, ১৭:৪৫
ভারতের পুনে জেলার ১৭ বছর বয়সী সাম্পান্না রমেশ সেলার  বাংলা চ্যানেল সাঁতারে নতুন রেকর্ড গড়েছেন। তিনি প্রথমবারের মতো সেন্ট মার্টিন দ্বীপের জেটি থেকে টেকনাফের ফিশারিজ জেটি পর্যন্ত সাঁতরে গিয়ে ফের সেন্ট মার্টিন দ্বীপে সাঁতরে ফিরে আসেন। 
 
এভারেস্ট একাডেমির আয়োজনে এই ‘প্রথম ডাবল ক্রস বাংলা চ্যানেল’ সাঁতারে তার সময় লেগেছে ৯ ঘণ্টা ১০ মিনিট। তিনি বাংলা চ্যানেলে দুই বারে ৩২ দশমিক ২ কিলোমিটার দূরত্ব পাড়ি দেন। 
 
শুক্রবার ভোর ৫টা ৪০-এ শুরু করে সেন্ট মার্টিন দ্বীপের জেটি থেকে টেকনাফের ফিশারিজ জেটি পর্যন্ত যেতে তার সময় লেগেছিল ৫ ঘণ্টা। সেখানে পৌঁছে ১০ মিনিট বিশ্রাম নিয়ে ফের তিনি সেন্ট মার্টিন দ্বীপ অভিমুখে ফিরতি সাঁতার শুরু করেন। এবার তার সময় লাগে ৪ ঘণ্টা। 
IMG0
সেন্ট মার্টিন দ্বীপে এ সময় বেশ আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। এ সময় তাকে ‘প্রথম ডাবল ক্রস বাংলা চ্যানেল’ মেডেল পরিয়ে দেন এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীম। এ সময় সাম্পান্না'র কোচ জিতেন্দ্র  খাসনিস উপস্থিত ছিলেন। 
 
সাম্পান্না'র এই সাঁতারে সহযোগিতা করেন ফিজিওথেরাপি সেবা প্রদানকারী সংস্থা হেলদি হোমের সিনিয়র ফিজিও নূর আহমদ এবং কক্সবাজারের সিআইপিআরবি - সি সেইফ লাইফগার্ড'র উদ্ধারকর্মী কামাল হোসেন। 
 
সাম্পান্না এই বাংলা চ্যানেল সাঁতারে নতুন লক্ষ্য নিয়ে ফিরতে চান। তিনি আগামী ২০১৯ সালে এই বাংলা চ্যানেল টানা চারবার সাঁতরে পার হতে চান। 
 
ইত্তেফাক/ইউবি