সাতক্ষীরায় রুপার গহনা ও ফেনসিডিলসহ আটক ১

আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৩:০৬
সাতক্ষীরা বৈকারি সীমান্ত থেকে সাত কেজি রুপার গহনা ও ৪০০ বোতল ফেনসিডিলসহ রবিউল ইসলাম (২৮) নামে এক চোরাকারবারিকে আটক করেছেন বিজিবি সদস্যরা।
 
আজ রবিবার ভোরে বৈকারি সীমান্তের কালিয়ানি এলাকা থেকে বিজিবি সদস্যরা তাকে আটক করেন। আটক রবিউল ইসলাম সদর উপজেলার কুশখালি ইউনিয়নের কুশখালি গ্রামের লুৎফর রহমানের ছেলে।
 
বিজিবি বৈকারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিদ্দিক হোসেন জানান, ভারত থেকে অবৈধ পথে গহনা ও মাদক আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তের কালিয়ানি এলাকায় অভিযান চালান। এ সময় আমদানি নিষিদ্ধ ৪০০ বোতল ফেনসিডিলসহ রবিউলকে আটক করা হয়। পরে সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় সাত কেজি রুপার গহনা জব্দ করা হয়। তবে, এই রুপার গহনাগুলো রবিউলের কিনা সে বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে তিনি জানান।
 
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্ণেল সরকার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
 
ইত্তেফাক/কেকে