ছুটি থেকে ফিরেই চেনা ছন্দে রোনালদো

আপডেট : ২৫ নভেম্বর ২০১৮, ১৩:২৬

লন্ডনে ছুটি কাটিয়ে ফিরেই গোল পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার তুরিনে অ্যালিয়াঞ্জ এরিনায় লিগ তালিকায় ১৫ নম্বরে থাকা দুর্বল স্পালের বিরুদ্ধে ২-০ জিতল আলেগ্রির দল।

২৮ মিনিটে জুভেন্টাসকে এগিয়ে নেন রোনালদো। মিরালেম পিয়ানিচের ভাসানো ফ্রি-কিকে পা ছুঁইয়ে সহজ গোল করেন তিনি। একের পর এক সুযোগ তৈরি হলেও এরপর আর গোল করতে পারেননি সি আর সেভেন।

ম্যাচের ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মারিয়ো মাঞ্জুকিক। সেখানে অবদান ছিল রাইট উইং কস্তার। বক্সের বাইরে থেকে কস্তান শট নেন। যা ফিরিয়ে দিতে সক্ষম হন প্রতিপক্ষের গোলরক্ষক।  তবে ক্রোয়েশীয় স্ট্রাইকার মানজুকিক ফিরতি বলে আলতো ছোঁয়ায় বল জালে জড়িয়ে দেন।

এই জয়ে ১৩ ম্যাচে ৩৭ পয়েন্ট পেয়ে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে জুভেন্টাস। ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানের রয়েছে নাপোলি। তৃতীয় স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট সমান ম্যাচে ২৫।

ইত্তেফাক/কেআই