ঘুমন্ত শিশুকে নিয়ে হনুমানের চম্পট

আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ১৭:১৫
বাড়ির ভিতর থেকে ঘুমন্ত শিশুকে তুলে নিয়ে চম্পট দিয়েছে একটি হনুমান। শনিবার ভারতের উড়িষ্যা প্রদেশের বাঁকি জেলার তালাবাস্তা গ্রামে এ ঘটনা ঘটে। রবিবার সকালে বাড়ির পাশের কুয়ো থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। 
 
শনিবার সকালে বাবার পাশে ঘুমিয়ে ছিল ১৬ দিন বয়সী শিশুটি । তখনই শিশুকে নিয়ে চম্পট দেয় একটি হনুমান। খবর পাওয়ার পর শিশুটির সন্ধানে বনকর্মী ও দমকল কর্মীরা অভিযান চালায়। কিন্তু কোথাও শিশুটির সন্ধান পাওয়ানি। রবিবার সকালে স্থানীয় এক নারী কুয়ো থেকে জল তুলতে গেলে শিশুটির মরদেহ দেখতে পায়। পরে কুয়ো থেকে তার মরদেহ তুলে আনা হয়। 
 
স্থানীয়দের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই এলাকায় একটি হনুমান এলাকায় তাণ্ডব চালাচ্ছে। বহুজনকে আঁচড়ে ও কামড়েও দিয়েছে হনুমানটি। 
 
শিশুটির বাবা রামকৃষ্ণ নায়ক জানান, হনুমানটি শিশুকে আঁকড়ে ধরে পালিয়ে যায়। পাঁচিল টপকে কুয়োর উপর দিয়ে যাওয়ার সময়ই হয়তো হাত থেকে পড়ে যায়।
 
ইত্তেফাক/ইউবি