আলমডাঙ্গায় বিদ্যুতের খামখেয়ালীপনায় দিশেহারা এইচএসসি পরীক্ষার্থীরা

আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ২০:৩৯
আগামীকাল সোমবার থেকে সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে।  এইচএসসি পরীক্ষা সামনে ২৪ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় দিশেহারা হয়ে পড়েছে আলমডাঙ্গা উপজেলার পরীক্ষার্থীরা। 
 
ঝড়ে গত শুক্রবার উপজেলার কোন এক জায়গায় বিদ্যুতের তারের ওপর গাছের ডাল পড়ে যায়। সেই অজানা স্থান নির্ধারণ ও সেই ডাল সরাতে ওজোপাডিকোর ২৪ ঘণ্টা সময় লেগে যায়। আলমডাঙ্গা ওজোপাডিকো থেকে বিদ্যুৎ না থাকার এই অজুহাত দাঁড় করানো হয়েছে। 
 
এরপর বিদ্যুৎ এসেছে ঠিকই কিন্ত আবার গেছে। এই আসা-যাওয়ার ভেতরে পরীক্ষার্থীরা দিশেহারা হয়ে পড়েছে। উদ্বেগ-উৎকণ্ঠায় দিন ও রাত কাটাচ্ছেন অভিভাবকরা। রাতে মাঝে-মধ্যে বিদ্যুৎ চলে গেলে পরীক্ষার্থীরা চার্জার লাইট ব্যবহার করে পড়ার প্রস্ততি নিয়ে থাকে। কিন্ত সেই ব্যবস্থাও থাকছে না আলমডাঙ্গা এলাকায়। গ্রামের পল্লী বিদ্যুতের অবস্থা আরো করুন। গ্রামের পরীক্ষার্থীরা রীতিমত চরম উৎকণ্ঠার মধ্যে থেকে পরীক্ষার প্রস্ততি নিচ্ছে।
 
আলমডাঙ্গার ওজোপাডিকোর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, শুক্রবারের ঝড়ে গাছ ভেঙ্গে পড়ে গেছে বিদ্যুতের তারের ওপর। যে কারণে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ দেয়া যায়নি। তবে আলমডাঙ্গা ওজোপাডিকো কর্মকর্তা গোলাম নবী (আর,ই) ২৪ ঘণ্টা বিদ্যুৎ না থাকার কারণ বলতে রাজি হননি।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান ইত্তেফাককে বলেন, রাত পোহালেই এইচএসসি পরীক্ষা। এখন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অতি জরুরি। দেশের কোন উপজেলার বিদ্যুৎ বিভাগ আলমডাঙ্গা উপজেলার মত অকেজো না। এখানে এতো বিদ্যুৎ যাওয়ার কারণ থাকতে পারে না।
 
ইত্তেফাক/ইউবি