চোখ হারানো ২০জনকে কেন ক্ষতিপূরণ নয়: হাইকোর্ট

আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ২০:৪৫
ভুল অস্ত্রোপচারে ‘চোখ হারানো’ ২০ জনের প্রত্যেককে এক কোটি টাকা করে কেন ক্ষতিপূরণ প্রদান করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। একইসঙ্গে দায়সারাভাবে অস্ত্রোপচার করার অভিযোগে চুয়াডাঙ্গার ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টার কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হবে না রুলে তাও জানতে চেয়েছে আদালত। 
 
রবিবার এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই রুল জারি করেন।
 
গত ২৯ মার্চ ‘চক্ষু শিবিরে গিয়ে চোখ হারালেন ২০ জন!’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেল্থ সেন্টারে তিন দিনের চক্ষু শিবিরের আয়োজন করা হয়। গত ৫ মার্চ দ্বিতীয় দিন সেখানে ২৪ জন নারী-পুরুষের চোখের ছানি অপারেশন করা হয়। এই অপারেশনের দায়িত্বে ছিলেন চিকিৎসক মোহাম্মদ শাহীন। অপারেশনের পর বাসায় ফিরেই ২০ জন রোগীর চোখে জটিলতা দেখা দেয়। যাদের অনেকেই ওই হেলথ সেন্টারে গিয়ে সুচিকিৎসা না পেয়ে ঢাকায় চিকিৎসার জন্য আসেন। পরবর্তীকালে ঢাকায় এসে এদের ১৯ জনের একটি করে চোখ তুলে ফেলতে হয়েছে। এই প্রতিবেদনের ভিত্তিতে হাইকোর্টে রিট করেন আইনজীবী অমিত দাসগুপ্ত। আবেদনের পক্ষে আবেদনকারী নিজেই এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এসএম মনিরুজ্জামান শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট রুল জারি করে। আগামী দুই সপ্তাহের মধ্যে স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদেরকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। 
 
ইত্তেফাক/এমআই