দেশের রাষ্ট্রপতির নামই ভুল বললেন টাইগার

আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ২১:০৮
মাত্র দুই দিন আগে মুক্তি পেয়েছে টাইগার শ্রফের ‘বাঘি ২’ সিনেমাটি। সিনেমাটি ইতোমধ্যে আয় করেছে ৪৫.৫০ কোটি রুপি। কিন্তু সফলতা আর কই উদযাপন করতে পারছে টাইগার। কেননা তার একটি ভিডিওকে ঘিরে ভক্তদের মধ্যে আলোচনা-সমালোচনা চলছে।
 
সম্প্রতি সিনেমার প্রচারণায় দেওয়া একটি সাক্ষাৎকারে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়েছিল টাইগারকে। ভারতের রাষ্ট্রপতির নাম ভুল বলে বিপাকে পড়েন অভিনেতা। 
 
সাক্ষাৎকারে টাইগার শ্রফকে ভারতের প্রেসিডেন্টের নাম জিজ্ঞেস করা হয়। অনেক আকাশ পাতাল ভেবে তিনি জবাব দেন, ‘মি. মুখার্জি।’ সে সময় ভুল জবাব দেওয়ার কারণে তাকে বাঁচাতে এগিয়ে আসেন তার প্রেমিকা ও ‘বাঘি ২’ সিনেমার নায়িকা দিশা পাটানি। তিনি অবশ্য টাইগারের পক্ষ থেকে সঠিক উত্তরটি দেন।
 
এবিপি নিউজের সাক্ষাৎকারে যখন তাকে রাষ্ট্রপতির নাম জিজ্ঞেস করা হয়, সেই মুহূর্তে প্রথমে টাইগার এটিকে কঠিন প্রশ্ন বলে উল্লেখ করেন। কিন্তু যখন তিনি ভুল উত্তরটি দিলেন, তখন সঙ্গে সঙ্গে দিশা সঠিক উত্তর দিয়ে বলেন, ‘কোবিন্দ। রাম নাথ কোবিন্দ।’
 
প্রসঙ্গত, কয়েক বছর আগে একটি শো-তে রাষ্ট্রপতির নাম জিজ্ঞেস করা হলে ভুল জবাব দিয়েছিলেন আলিয়া ভাট। তখন আলিয়াকেও অনেক সমালোচনা সহ্য করতে হয়েছিল। হিন্দুস্তান টাইমস।
 
ইত্তেফাক/রেজা