এ সরকারের আমলে জঙ্গিদের কোন স্থান নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০১ এপ্রিল ২০১৮, ২১:২১
স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ সরকারের আমলে জলদস্যু, সন্ত্রাসী ও জঙ্গিদের এ দেশে কোন স্থান নেই, অচিরেই তাদের সমূলে নির্মূল করা হবে। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেই প্রশ্নপত্র ফাঁস করবেন তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। এবারই প্রথম একাজে র‌্যাব নিয়োজিত থাকবে।
 
তিনি রবিবার বিকালে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে বনদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ অনুষ্ঠানে সুন্দরবনের ৩ বাহিনীর ২৭ দস্যু আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করে।
 
তিনি আরও বলেন, মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। যারা এই কাজের সাথে যুক্ত তাদের তালিকা আমাদের হাতে রয়েছে। সমাজে যারা এই কাজের সাথে জড়িত তারা যদি এই কাজ বন্ধ না করে তবে তাদের পরিনাম কি তা অচিরেই দেখতে পাবে। মাদকের কারণে আমাদের যুবসমাজকে কোন ভাবেই ধ্বংস হতে দেয়া যাবে না। মাদক আইন সংশোধনের উদ্যোগ নেয়া হয়েছে। অচিরেই তাদের বিরুদ্ধে অভিযান শুরু হবে।
 
র‌্যাব-৬ এর সিইও খন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে আত্মসমর্পণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট. মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক, র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান, বিজিবি খুলনা রেঞ্জের প্রধান ব্রিগেডিয়ার খালেক আল মামুন, র‌্যাব-৮ এর সিইও হাসান ইমন আল রাজীব, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি