বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, সরকার আগামী ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে দেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে। আর যেসব শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ নেই সেই সব শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৩০ জুনের মধ্যে বিদ্যুতায়িত করবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের আনাচে কানাচে আলোকিত হচ্ছে। আলোকিত হলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে।
রবিবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছেন।
উপজেলার কালিনগর কাতিপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ উপলক্ষে পোরশা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ শহিদুজ্জামান সরকার এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার এমপি, ছলিম উদ্দিন তরফদার এমপি, নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহবুবুল হোসেন এবং স্থানীয় গাংগুরিয়া কলেজের অধ্যক্ষ মঞ্জুর মোরশেদ।
পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে নওগাঁর জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার ইকবাল হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার এনামুল হক প্রামানিক, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার নুরুল ইসলাম, সাপাহার উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুল আলম শাহ চৌধুরী, পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ মাহমুদসহ নিয়ামতপুর, পোরশা, সাপাহার উপজেলা আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/আরকেজি
