ময়মনসিংহকে পৌরসভা থেকে সিটি করপোরেশনে উন্নীত করা হয়েছে। এটি দেশের দ্বাদশ সিটি করপোরেশন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় নতুন এই সিদ্ধান্ত হয়।
সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ময়মনসিংহ পৌরসভা ছাড়াও সদর উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে বয়ড়া ও আকুয়া ইউনিয়নের পুরোটা এবং খাগডহর, চরঈশ্বরদিয়া, দাপুনিয়া, ভাবখালী, সিরতা ও চরনিলক্ষীয়া ইউনিয়নের আংশিক এলাকা এই সিটি করপোরেশনের এলাকা নির্ধারণ করা হয়েছে।
জিয়াউল আলম আরও জানান, নতুন এই সিটি করপোরেশনের আয়তন হবে ৯১ দশমিক ৩১৫ বর্গকিলোমিটার। মোট জনসংখ্যা জনসংখ্যা ৪ লাখ ৭১ হাজার ৮৫৮ জন। প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব হবে ৫ হাজার ১৬৭ জন।
ইত্তেফাক/কেআই
