ফিলিস্তিনি হত্যার নিরপেক্ষ তদন্তে ইসরাইলের না

আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ১৯:৫৭
সীমান্তে টানা দু’দিনের রক্তাক্ত সংঘর্ষে ৩০ জন ফিলিস্তিনিকে হত্যার নিরপেক্ষ তদন্তে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের আহ্বানকে নাকচ করে দিয়েছে ইসরাইল। কোনো তদন্তই তারা করবেন না বলে জানিয়ে দিয়েছে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগডর লিবারম্যান। 
 
তার দাবি, ‘এই দু’দিনে আমাদের সেনা যা করেছে, তার জন্য আমরা গর্বিত। শান্তিপূর্ণ বিক্ষোভের নামে ইসরাইল সীমান্তে কার্যত সন্ত্রাস চালাচ্ছিল ফিলিস্তিনিরা। তাদের যোগ্য সঙ্গত দিচ্ছে হামাস গোষ্ঠীও। ইসরাইল সীমান্তের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ঢুকে পড়ার চেষ্টা করছিল ফিলিস্তিনিরা। গুলিও ছোড়ে ওরা। তারই জবাব দিয়েছে আমাদের সেনা। তাই সেনার বিরুদ্ধে তদন্তের কোনো প্রশ্নই ওঠে না।’  
 
এতে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেজ এবং ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক প্রধান ফেডেরিকা মঘেরিনিসহ আরো কয়েকটি আন্তর্জাতিক সংগঠন একযোগে ইসরাইলি সেনার বিরুদ্ধে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছিলেন।
 
জেরুসালেমকে ইসরাইলের রাজধানীর হিসেবে ট্রাম্পের স্বীকৃতি ও আগামী ১৪ মে সেখানে মার্কিন দূতাবাস খোলার প্রতিবাদে ছ’সপ্তাহব্যাপী বিক্ষোভ কর্মসূচি নিয়েছেন ফিলিস্তিনিরা। গত শুক্রবার থেকে ইসরাইলের অধিকৃত এলাকায় ঢোকার দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করেছিলেন প্রায় তিরিশ হাজার ফিলিস্তিনি। তাদের ঠেকাতে গুলি ছোড়ে ইসরাইলি সেনারা। দ্য ইনডিপেনডেন্ট।
 
ইত্তেফাক/সেতু