রামগঞ্জে শিশু নুশরাত হত্যার প্রধান আসামি রুবেল গ্রেফতার

আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ২১:০৭
রামগঞ্জে চাঞ্চল্যকর শিশু নুশরাত (৮) হত্যা মামলার প্রধান আসামি শাহ আলম রুবেল (২৫) অবশেষে গ্রেফতার হয়েছে পুলিশের হাতে। রবিবার সন্ধায় খুলনা মেট্রোপলিটন পুলিশের সহযোগীতায় রামগঞ্জ থানা পুলিশ ঘাতক শাহ আলম রুবেলকে আটক করতে সক্ষম হয়।
 
সোমবার সকালে জেলা পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন প্রেস কনফারেন্সের মাধ্যমে সাংবাদিকদের জানান, ২৩ মার্চ শুক্রবার দুপুরের আগে একই বাড়ির সিরাজ মিয়ার ছেলে শাহ আলম রুবেল বাড়ির সম্পর্কিত ভাতিজি নুশরাত জাহান নিশুকে আইসক্রিম খাওয়ার কথা বলে ঘরে ডেকে নেয়। ঐদিনই শিশু নুশরাতকে ধর্ষণ শেষে হত্যা করে লাশ ব্যাগে ভরে ঘরের স্টিলের আলমিরার উপর রেখে দেয়। সন্ধ্যার পর রুবেলের বন্ধু স্থানীয় নোয়াগাঁও বাজারের ব্যবসায়ী বোরহানকে দিয়ে সিএনজি অটোরিকশা ভাড়া করে দুইজনই ব্যাগভর্তি লাশ নিয়ে তিন কিলোমিটার দূরের কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ঠাকুর বাড়ির ব্রিজের নিচে ফেলে দেয়।
 
২৬ মার্চ সকাল ১১টায় তার লাশ উদ্ধার করে পুলিশ। রাতেই নিহত নুশরাতের মা রেহানা বেগম রামগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করলে হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ বিভিন্নস্থানে অভিযান চালিয়েও ব্যর্থ হয়। পরবর্তীতে লাশের সাথে ব্যাগের লিফলেট প্রচারণা চালায় পুলিশ। বিষয়টি সিএনজি চালক মো. রাকিব হোসেন জানতে পেরে স্থানীয় ইউপি মোহাম্মদ হোসেন রানাকে ঘটনাটি তার অজ্ঞাতে হয়েছে বলে নিশ্চিত করলে পুলিশে ঘটনাটি খুলে বলা হয়।
 
পুলিশ সিএনজি চালকের সূত্র ধরে আটক করে শাহ আলম রুবেলের বন্ধু বোরহান উদ্দিনকে। পরে পুনরায় বিভিন্নস্থানে অভিযান চালিয়ে অবশেষে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে শাহ আলম রুবেলকে আটক করতে সক্ষম হয়।
 
ইত্তেফাক/আরকেজি