রাজনীতি হলো সামাজিক ও সাংস্কৃতি ক্ষেত্রে সমভাবে কাজ করা: পলক

আপডেট : ০২ এপ্রিল ২০১৮, ২১:৫৪
তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, রাজনীতি মানে শুধু মিছিল, সভা-সমাবেশ করা নয়। রাজনীতি হলো সামাজিক ও সাংস্কৃতি ক্ষেত্রেও সমভাবে কাজ করা। কারণ দেশ ও সমাজের উন্নতিই রাজনীতির মূল কথা। জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই শিক্ষাটি দিয়ে গেছেন।
 
বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকতে জেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত “আমাদের সমুদ্র রাখিব বিশুদ্ধ” স্লোগানে সোমবার বেলা ১১টায় সৈকত পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধকালে তিনি এসব কথা বলেন।
 
জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ জয়ের সভাপতিত্বে তিনি আরও বলেন, মিছিল, সভা-সমাবেশের মতো সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে সমানভাবে গুরুত্ব দিতেন বঙ্গবন্ধু। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের অবদান কম ছিল না। জেলা ছাত্রলীগ বিষয়টিকে গুরুত্ব দিয়ে সৈকত পরিচ্ছন্নতার যে উদ্যোগ নিলো তা দৃষ্টান্ত হয়ে থাকবে।
 
পরিচ্ছন্নতা অভিযানের বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্নেল (অব) ফোরকান আহামদ, জেলা প্রশাসক মো. কামাল হোসেন, পুলিশ সুপার ড. ইকবাল হোসেন, ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা।
 
ইত্তেফাক/আরকেজি