চাঁপাইনবাবগঞ্জে পৃথক মামলায় তিনজনের যাবজ্জীবন

আপডেট : ০৩ এপ্রিল ২০১৮, ১৬:৩৬
চাঁপাইনবাবগঞ্জে দুটি মাদক মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড, প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 
 
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ জিয়াউর রহমান তিন আসামির উপস্থতিতে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাজপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে মো. শামসুদ্দীন (৫০), চরহরিশপুর গ্রামের কচিমুদ্দীনের ছেলে মো. রহিম (৩৫) এবং একই উপজেলার বাথানপাড়া গ্রামের জাদেস আলীর ছেলে বিশু আলী (৩০)। 
 
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা জানান, ২০১৬ সালের ৯ মার্চ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রাজপাড়া গ্রামে অভিযান চালিয়ে শামসুদ্দীন ও রহিমকে ৮শ গ্রাম হেরোইনসহ আটক করে র‌্যাব। এ ঘটনায় ওইদিনই র‌্যাবের ডিএডি সাজ্জাদ হোসেন সেলিম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করেন। ওই বছর ৩০ এপ্রিল সদর থানার এসআই আলমগীর হোসেন তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 
 
অন্যদিকে একই বছরের ৬ ফেব্রুয়ারি সদর উপজেলার নরেন্দ্রপুরের একটি বাঁশ বাগান থেকে ৫শ গ্রাম হেরোইনসহ বিশু আলীকে আটক করে র‌্যাব। পরদিন র‌্যাবের ডিএডি বেলাল হোসেন বাদী হয়ে সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। ওই বছরের ৩ এপ্রিল সদর থানার এসআই আলমগীর হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 
 
ইত্তেফাক/ইউবি