পাকিস্তানে হাফিজ সাঈদের রাজনৈতিক সংগঠন মিল্লি মুসলিম লিগ (এমএমএল)’কে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করল আমেরিকা। মিল্লি মুসলিম লিগের পাশাপাশি তেহরিক-ই-আজাদি-ই-কাশ্মীরি (টিএজেকে)’কেও জঙ্গি সংগঠনের তালিকাভুক্ত করেছে ট্রাম্প প্রশাসন।
সোমবার জারি করা এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে , এমএমএল এবং টিএজেকে উভয় সংগঠনই লস্কর-ই-তৈয়বার শাখা সংগঠন হিসেবে তৈরি হয়েছে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই, লস্কর একটি জঙ্গি সংগঠন। এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র মুখপাত্র নাথান এ সালেস বলেন, ‘আমেরিকা কোনোদিনই জঙ্গি কার্যকলাপকে সমর্থন করে না। এই সব দলের কোনো রাজনৈতিক মতবাদও থাকতে পারে না।’
লস্কর-ই-তৈয়বা এবং জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সাঈদ ভারতের মুম্বাই হামলার মূলহোতা হিসেবে অভিযুক্ত। ভারত দীর্ঘদিন ধরেই হাফিজের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য চাপ দিচ্ছে পাকিস্তানকে। যুক্তরাষ্ট্র তার মাথার দাম ঘোষণা করেছে ১ কোটি ডলার। জাতিসংঘও আন্তর্জাতিক সন্ত্রাসবাদী আখ্যা দিয়েছে হাফিজকে। টাইমস অব ইন্ডিয়া।
ইত্তেফাক/সেতু
