দুদকের নোটিসে হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ দুদক কার্যালয়ে হাজির হননি। তবে দুই আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে দুদকে আবেদন করেছেন তিনি। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন, অর্থপাচার ও হাজার কোটি টাকা কর ফাঁকির অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার দুদকে হাজির হয়ে ব্যাখা দেওয়ার কথা ছিল তার। দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো গত ২১ মার্চ দুদক পরিচালক মীর মোঃ জয়নুল আবেদিন শিবলী স্বাক্ষরিত এক নোটিসে তাকে গতকাল দুদকে হাজির হতে বলা হয়েছিল।
দুদক সূত্র জানায়, দুই আইনজীবীর মাধ্যমে পাঠানো আবেদনে একে আজাদ জানিয়েছেন, অসুস্থতার কারণে বিদেশে থাকায় তিনি হাজির হতে পারছেন না। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাছে ৮ সপ্তাহ সময় চেয়েছেন একে আজাদ। অপর দিকে দুদকের অন্য এক সূত্র জানায়, একে আজাদ হৃদযন্ত্র বিষয়ক জটিলতায় ভুগছেন। আগে থেকে যুক্তরাষ্ট্রের এক হাসপাতালে তার অ্যাপয়েনমেন্ট থাকায় তিনি চিকিত্সার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। আইনজীবীর মাধ্যমে সে বিষয়ক তথ্য-প্রমাণাদি প্রদান করে তিনি সময় চেয়ে আবেদন করেছেন। এ দিকে আবেদনের পরিপ্রেক্ষিতে দুদকের পরিচালক জয়নাল আবেদীন শিবলী বলেন, আমরা আবেদন যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেব তাকে কতদিন সময় দেওয়া যায়। এ বিষয়ে সিদ্ধান্ত পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।
দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানিয়েছেন, হামীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদের বিরুদ্ধে কোটি কোটি টাকার কর-ভ্যাট ফাঁকি দেয়া এবং কয়েক হাজার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগ সম্প্রতি দুদকে জমা পড়ে। প্রাথমিক যাচাই বাছাই শেষে কমিশন অভিযোগটি আমলে নিয়ে অনুসন্ধান শুরু করেছে।
ইত্তেফাক/কেকে
