সাবেক মন্ত্রী আলতাফ হোসেনের বিরুদ্ধে মামলার বিচার চলবে

আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ২০:৫৩
বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলার বিচার কার্যক্রম চলবে। এই মামলায় অভিযোগ গঠন আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত তার আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। 
 
বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বুধবার এই আদেশ দেন। আদালতে দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশীদ আলম খান এবং আলতাফ হোসেনের পক্ষে ব্যারিস্টার এম. মাহবুব উদ্দিন খোকন শুনানি করেন। হাইকোর্টের আদেশের ফলে বিচারিক আদালতে এই মামলার সাক্ষ্য-গ্রহন চলতে আর কোন বাধা থাকল না বলে জানিয়েছেন দুদক কৌঁসুলি। 
 
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে ২০০৭ সালের ১৮ ডিসেম্বর নগরীর রমনা থানায় মামলা দায়ের করে দুদক। ২০০৮ সালের ২২ জুন অভিযোগপত্র দাখিল করা হয়। গত বছরের ১৭ অক্টোবর ঢাকার বিশেষ জজ আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে। পরে এই অভিযোগ গঠন আদেশ বাতিল চেয়ে তিনি হাইকোর্টে আবেদন করেন। 
 
ইত্তেফাক/এমআই