‘ঘটনা ভিন্নদিকে নিতেই নিখোঁজ হওয়ার নাটক সাজানো হয়’

আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ১৬:৪২
আইনজীবী রথীশ চন্দ্র ভৌমিক হত্যার ব্যাপারে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ জানিয়েছেন, রথীশের স্ত্রীর স্বীকারোক্তি অনুযায়ী, দুই মাস আগে তারা হত্যার পরিকল্পনা করেছিলেন। নিহত ব্যক্তির স্ত্রী স্নিগ্ধা সরকার দীপা পরকীয়ায় আসক্ত হয়ে প্রেমিক কামরুল ইসলামের সহায়তায় তাঁর স্বামীকে খুন করেন। এ কাজে তার বিদ্যালয়ের দুই শিক্ষার্থী সহায়তা করে।
 
আজ বুধবার দুপুরে রংপুরের র‌্যাব-১৩ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
 
বেনজীর আহমেদ বলেন, গত ৩০ মার্চ সকাল থেকে রথীশচন্দ্রের নিখোঁজ থাকার বিষয়টি ছিল তার স্ত্রীর সাজানোর নাটক। হত্যার ঘটনা ধামাচাপা দিতে তিনি কৌশলে সবার নজর ভিন্ন দিকে নেয়ার চেষ্টা করেন।
 
তিনি আরও জানান, আসলে ২৯ মার্চ রাতেই নিজের শোবার ঘরে খুন হন রথীশ। তার স্ত্রী দীপা ভৌমিকের সঙ্গে তার স্কুলের সহকর্মী কামরুল ইসলামের পরকীয়া প্রেম চলছিল। এ নিয়ে রথীশের সঙ্গে দীপার কলহ লেগেই থাকত।
 
দীপার বরাত দিয়ে বলা হয়েছে, রথীশকে হত্যার পরিকল্পনা করা হয় দুই মাস ধরে। সে অনুযায়ী গত ২৯ মার্চ রাতে খাবারের সঙ্গে ঘুমের বড়ি খাইয়ে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়। 
 
উল্লেথ্য, রংপুর জেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক রথীশ জাপানি নাগরিক কুনিও হোশি এবং মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন।
 
ইত্তেফাক/এমআই