নোয়াখালীতে নকল ওষুধ কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড

আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ২১:৩০
সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে নকল ওষুধ তৈরির একটি কারখানা বুধবার অভিযান চালায় র‌্যাব-১১। এ সময় দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির বিপুল পরিমাণ নকল ওষুধ, ওষুধ তৈরির সরঞ্জাম ও কাঁচামালসহ দুইজনকে আটক করে র‌্যাব। পরে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান ও জরিমানা করা হয়।
 
জানা যায়, লক্ষ্মীপুর র‌্যাব-১১ এর অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা নেতৃত্বে ১নং চরমটুয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে ফরিদাবাদ বাজারে মেসার্স আকসা ফার্মাসিটিক্যাল (ইউনানী) নামের একটি নকল ওষুধ তৈরির কারখানায় বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত র‌্যাব সদস্যরা অভিযান চালায়। এ সময় কারখানার মালিক আক্তার হোসেন (২৬) ও তার সহযোগী মো. নাদিমুল হক নাদিমকে (২৬) আটক করা হয়। তাদের ৩টি গোডাউন থেকে বিভিন্ন নামীদামি কোম্পানির নকল ওষুধ উদ্ধার এবং ওষুধ তৈরির সরঞ্জামাদিসহ কাঁচামাল জব্দ করে র‌্যাব। যার বাজার মূল্য এক কোটি টাকা।
 
অভিযান শেষে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হস্তান্তর করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নোয়াখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা আটক আক্তার হোসেনকে দেড় বছর কারাদণ্ড, ৩ লাখ জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের সাজা এবং নাদিমুল হককে ১ বছর কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের সাজা প্রদান করেন। আক্তার সদর উপজেলার সফিগঞ্জ বাজার এলাকার আমিনুল হকের ছেলে এবং নাজিমুল নোয়াখালী পৌরসভার হরিণারায়ণপুরের মৃত এবাদুল হকের ছেলে।
 
ইত্তেফাক/আরকেজি