সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতির ব্যয় বহন করতে হবে সৌদিকে: ট্রাম্প

আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ২২:১০
সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি অব্যাহত দেখতে চাইলে সৌদি আরবকে এর ব্যয় বহন করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে বাল্টিক অঞ্চলের তিন দেশের নেতাদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
 
ট্রাম্প এসময় বলেন, ‘আমরা আইএসকে পরাজিত করার কাজ প্রায় শেষ করে ফেলেছি। শিগগিরই আমরা অন্যদের সঙ্গে সমন্বয়ের ব্যাপারে একটি নতুন সংকল্পে আসবো। আমাদের সিদ্ধান্তের ব্যাপারে সৌদি আরব খুবই আগ্রহী। আমি তাদের বলে দিয়েছি যে, আপনারা চাইছেন যুক্তরাষ্ট্র সিরিয়ায় অবস্থান করুক। তাহলে আপনারাই হয়তো এর জন্য অর্থ পরিশোধ করতে যাচ্ছেন।’
 
ট্রাম্প এমন সময়ে সৌদি আরবের কাছ থেকে অর্থ দাবি করলেন যখন রাশিয়ার সহযোগিতায় সিরিয়ায় নিজের অবস্থান সুসংহত করছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। যদিও সোমবার সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের সঙ্গে ফোনে কথা বলেন ট্রাম্প। এ সময় যুক্তরাষ্ট্র-সৌদি কৌশলগত অংশীদারিত্ব এবং ফিলিস্তিন-ইসরায়েল শান্তি পরিকল্পনাসহ আঞ্চলিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। আল জাজিরা।
 
ইত্তেফাক/সেতু