বাংলাদেশের কমনওয়েলথ শুরু হচ্ছে বৃহস্পতিবার

আপডেট : ০৪ এপ্রিল ২০১৮, ২২:৪৬
আজই পর্দা উঠেছে কমনওয়েলথ গেমসের। একদিন পর কাল শুরু হচ্ছে পদক জয়ের লড়াই। বাংলাদেশও সামিল হচ্ছে এই লড়াইয়ে। কাল সুইমিংপুলে নামবেন বাংলাদেশের সাতারু মো. মাহমুদুন নবী। চাঁপাইনবাবগঞ্জের ছেলে নবী অংশ নেবেন ৫০ মিটার বাটারফ্লাইয়ে। 
 
বাংলাদেশ সময় সকাল ৭টা ২৭ এ তিনি পুলে ঝাঁপ দেবেন তার শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য। নবী অংশ নেবেন ৩ নম্বর হিটে। এই ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ৫টায়। অবশ্য ফাইনালে দেখার সুযোগ কমই নবীকে। ঢাকার উত্তরা ইউনিভার্সিটির ছাত্র এই নৌবাহিনী সদস্যের বয়স ২০। 
 
তাদের কাছে অবশ্য পদকের আশা করছেন না বাংলাদেশের কর্মকর্তারা। তারা আগেই বলেছেন, এরা নিজ নিজ ইভেন্টে দেশ সেরা। আমরা চাই তারা যতটা পারুক ভালো করুক। অবশ্য তাই বলে এদের কেউ শুধু অংশ নিতেই আসেননি। বলেছেন, সেরাটা দিয়ে চাইবেন ভালো কিছু দেশকে উপহার দেয়ার।
 
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ সাহেদ রেজা বলেন, ‘এখানে আমাদের প্রধান লক্ষ্য শ্যুটিং থেকে পদক জয় করা। এরইমধ্যে অনুশীলনে তারা ভাল করেছে। এখন দেশবাসীর সম্মান রক্ষা করাটাই আসল লক্ষ্য। প্রতিযোগিতায় নামলে সেটা বুঝা যাবে। অন্য ডিসিপ্লিনে আমাদের কোন লক্ষ্য নেই। আমরা চাই তাদের সেরাটা।’
 
ইত্তেফাক/কেআই