ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেছেন, ২০১৫ সালের ২৬ জুলাইয়ের পর এখন পর্যন্ত দায়িত্ব পালনে আমরা সফল। আর আমাদের সাংগঠনিক নেত্রী একমাত্র অভিভাবক যখন যে নির্দেশনা দিয়েছেন, কমিটি গঠনসহ বিভিন্ন কাজ সফলতার সাথেই দায়িত্ব পালন করেছি। সাংগঠনিক দায়িত্ব পালনে ভুলত্রুটি থাকতে পারে। কিন্তু দায়িত্ব পালনে আমরা ব্যর্থ হয়েছি-এমন না। আজ সকালে গুলিস্তানে সংগঠনের কার্যালয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংগঠনের দুই শীর্ষ নেতা এ দাবি করেন।
বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান নেতৃত্ব শতভাগ সফল বলে দাবি করে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বলেছেন, ছাত্রলীগ সভাপতি বলেছেন-আমরা সফল। তার বক্তব্যের সঙ্গে আমিও একমত। বর্তমান কমিটির যত সফলতা তার অংশীদার কেন্দ্রীয় কমিটির সব নেতার। যদি কোন ত্রুটিবিচ্যুতি থাকে তাহলে এর দায়দায়িত্ব আমরা দুজন (সভাপতি-সম্পাদক) নিয়ে নিচ্ছি। ব্যর্থতা-সফলতার বিচার করার দায়িত্ব সারাদেশের ছাত্রলীগ নেতাকর্মী ও আপনাদের (মিডিয়া)।
সংবাদ সম্মেলনে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ আগামী ১১ ও ১২ মে কেন্দ্রীয়, ২৪ ও ২৬ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর এবং ২৯ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করেন। রাজধানীর তিনটি শক্তিশালী শাখার সম্মেলনের তারিখ ঘোষণার সময় শীর্ষ ৫ নেতাই উপস্থিত ছিলেন না। একমাত্র ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ সেখানে ছিলেন। সম্মেলনের স্থানও জানানো হয়নি। স্থানটি নির্ধারণ করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক প্রশ্নের জবাবে ছাত্রলীগ সভাপতি বলেন, আমরা আমাদের কোন ব্যর্থতা দেখছি না। আমরা মনে করি দায়িত্ব পালনে আমরা শতভাগ সফল। পাল্টা প্রশ্ন করা হয়, বার বার নেতিবাচক সংবাদের শিরোনাম হয়েছে-ছাত্রলীগ! তাহলে---এর জবাবে সাইফুর রহমান সোহাগ উদাহরণ হিসেবে দুই বন্ধুর একটি গল্প বলেন। তিনি বলেন, একই ক্লাসের দুই বন্ধুর মধ্যে মতবিরোধ নিয়ে মারামারির ঘটনা ঘটলো-অবশ্য তারা দুইজনই ছাত্রলীগ কর্মী। এখানে শিরোনাম কি হবে? দুই বন্ধুর মধ্যে মারামারি হলো-এটা কি শিরোনাম করবেন? করবেন না। আপনেরা শিরোনাম করবেন ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ। শিরোনামের নেগেটিভ-পজিটিভ বিষয় নিয়ে আমরা ভাবি না।
ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, দায়িত্ব পালনে কতটুকু করেছি, তার বিচার করবে সারাদেশের ছাত্রলীগ।
কোন চাপের কারণে সম্মেলন হচ্ছে কিনা? এমন প্রশ্নের জবাবে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, আমাদের একমাত্র সাংগঠনিক নেত্রী দেশরত্ম শেখ হাসিনা। তার ইচ্ছে অনুযায়ীই আমরা ছাত্রলীগের সম্মেলন করছি।
কমিটি ভোটের মাধ্যমে নাকি সিলেকশনে-এমন প্রশ্নের জবাবে ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, আমরা গঠনতন্ত্র অনুযায়ী সব ধরণের ব্যবস্থা গ্রহণ করবো। নেত্রী যেভাবে চাইবেন-সেভাবেই নেতা নির্বাচিত করা হবে।
ইত্তেফাক/এসএস
