২ মণ ওজনের বিষ্ণু মূর্তি উদ্ধার

আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ১৭:০৪
হাকিমপুর উপজেলার মংলা বাজার এলাকায় বৃহস্পতিবার পুকুর খননকালে দুই মণ ওজনের একটি বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে। তবে এটি কষ্টি পাথরের মূর্তি কিনা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।
 
হাকিমপুর থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে আমেরিকা প্রবাসী কামাল উদ্দীন মংলা বাজারের পাশে মেশিনের মাধ্যমে পুকুরের খনন কাজ করছিলেন। এসময় খননকালে মেশিনে মূর্তিটি বেঁধে গেলে চালক আল মামুন বিষয়টি পুকুরের মালিকসহ এলাকাবাসীদের জানান। তখন পুকুরের মালিক কামাল উদ্দীন থানায় খবর দেন। পরে থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল থেকে দুই মণ ওজনের মূর্তিটি উদ্ধার করেন।
 
তিনি আরও জানান, দুই মণ ওজনের মুর্তিটি দৈর্ঘ্য প্রায় ৪ ফুট এবং প্রস্থে দেড় ফুট হবে। মুর্তিটির আকার জুড়ে একটি বড় সাইজের মুর্তির চারপাশে আর ছোট ৫টি মূর্তি বসানো আছে। তবে বিষ্ণু মূর্তি হতে পারে। মূর্তিটি কষ্টি পাথরের কিনা এখনই বলা যাচ্ছে না। এটি পরীক্ষা করার পর জানা যাবে আসলে কষ্টি পাথরের, না অন্য কিছু। এই কারণে মূর্তিটির দামও নির্ধারণ করা হয়নি।
 
ইত্তেফাক/আরকেজি