বিএনপি-জামায়াত চক্র ক্ষমতায় এলে উন্নয়ন বন্ধ হয়ে যাবে: নাসিম

আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ২২:৪৮
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম উন্নয়নকামী জনগণকে সতর্ক করে দিয়ে বলেছেন, বিএনপি জামায়াত চক্র ক্ষমতায় এলে দেশের সার্বিক উন্নয়ন বন্ধ হয়ে যাবে। দেশ অন্ধকারে নিমজ্জিত হবে। তিনি উন্নয়ন ও শান্তির স্বার্থে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকা মার্কায় ভোট দেবার আহ্বান জানিয়েছেন।
 
তিনি বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জে মুক্তির সোপানে পরিবার পরিকল্পনা অধিদফতরের এসবিসিসি পরিবার পরিকল্পনা মেলার সমাপনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠিত এ সমাবেশে বিএনপিকে নির্বাচনে প্রস্তুতি নেবার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম আরো বলেছেন, কোন ষড়যন্ত্র করে লাভ হবে না। একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে। নির্বাচনকালীন সরকার দৈনন্দিন কাজ করবে। নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ, জনগণ ভোটের মালিক। ভোটাররা নির্ধারণ করবে কোন দল ক্ষমতায় আসবে। কারা দেশ পরিচালনা করবে।  সমাবেশে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
 
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হেলালুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খান, সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা ও সদর উপজেলা টিএফপিও রেবেকা সুলতান প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি