পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামে সাবেক সেনা সদস্য লুৎফর রহমানের মারপিটে আহত সেই ব্যক্তি মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহত ব্যক্তির নাম- মালু প্রাং ওরফে মালু কামার (৫৫)। তিনি ছাইকোলা গ্রামের মৃত ইজা প্রাং এর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল ছাইকোলার পার্শ্ববর্তী হান্ডিয়াল ইউনিয়নের মিলনচর গ্রামের মোবারক হোসেনের ছেলে সাবেক সেনা সদস্য লুৎফর রহমান দরিদ্র মালু কামারের জমির মাটি জোরপূর্বক কেটে নেন। এনিয়ে মালুর ছেলে আসাদের সাথে বাক-বিতণ্ডা শুরু হয়। এসময় মালু এগিয়ে এলে লুৎফর চেয়ার দিয়ে মালুর মাথায় আঘাত করেন। তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে চাটমোহর ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যা ৭টার দিকে মালু কামার মারা যান।
চাটমোহর থানার ওসি এস এম আহসান হাবীব জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। আসামিকে আটকের চেষ্টা চলছে।
ইত্তেফাক/এসএস
