সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন, একটি মহল দেশে জঙ্গিবাদ ও অস্থিরতা সৃষ্টির পায়তারা চালিয়ে যাচ্ছে। মানুষ কখনো জঙ্গিবাদ পছন্দ করে না, তাই বর্তমান সরকার জঙ্গিদের কঠোর হাতে দমন করেছে।
বৃহস্পতিবার রাতে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মিলনায়তনে জাগরণী থিয়েটারের আয়োজনে পাঁচ দিন ব্যাপী স্বাধীনতা দিবস নাট্য উৎসব-১৮ এর উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকারের মূল্য লক্ষ্য বাংলাদেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা দানবের দেশ নয়, মানবের দেশ চাই। একটি মহল সরকারের উন্নয়ন দেখে দেশে জঙ্গিবাদ সৃষ্টি করার পায়তারা করছে।
ভালো নাটক নির্মাণ হচ্ছে না উল্লেখ করে মন্ত্রী বলেন, বর্তমান সময়ে ভালো নির্মাতা ও সংলাপ পাওয়া যাচ্ছে না। তাই দেশের সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হলে ভালো ভালো নাটক ও সিনেমা নির্মাণ করতে হবে। সংস্কৃতির পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকেও এগিয়ে নেওয়ার জন্য মন্ত্রী গুরুত্ব আরোপ করেন।
স্থানীয় সংসদ সদস্য ডা. এনামুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা আবদুল কাদের, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাসেল হাসান, সহকারী কমিশনার (ভূমি) প্রণব কুমার ঘোষ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক আহম্মেদ গিয়াস, জাগরণী থিয়েটারের সাধারণ সম্পাদক স্মরণ সাহা প্রমুখ।
ইত্তেফাক/ইউবি
