বাড়ি ফিরলেন শোয়ার্জনেগার

আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১৪:৫০
 
হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। গত বৃহস্পতিবার তাঁর ওপেন হার্ট সার্জারি করা হয়। গতকাল শুক্রবার শোয়ার্জনেগারের মুখপাত্র ড্যানিয়েল কেচশেল টুইটারে তাঁর বাড়ি ফেরার বিষয়টি জানান।
 
৭০ বছর বয়সী শোয়ার্জনেগার গত বৃহস্পতিবার হঠাৎ করেই হৃদযন্ত্রে ব্যথা অনুভব করেন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায় তাঁর হৃদযন্ত্রে কিছু জটিলতা সৃষ্টি হয়েছে। চিকিৎসকরা দেরি না করে জরুরি ভিত্তিতে আর্নল্ডের হৃদযন্ত্রে অস্ত্রোপচার করেন।
 
শোয়ার্জনেগার ‘টার্মিনেটর’, কমান্ডো, র’ ডিল, দ্য রানিং ম্যান, টুইন্স, টোটাল রিকল, কিন্ডারগার্টেন কপ, লাস্ট অ্যাকশন হিরো, জঙ্গল অল দ্য ওয়ে, দ্য সিক্সথ ডে, এক্সপেন্ডেবলল ২ সহ বিশ্ব কাঁপানো বহু সুপার হিট সিনেমা উপহার দিয়েছেন। খবর এএফপি’র।
 
ইত্তেফাক/মোস্তাফিজ