খালেদা জিয়ার চিকিৎসা সেবা নিয়ে বিভ্রান্তি ছড়াবেন না: কামরুল ইসলাম

আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ১৮:০০
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, ‘আপনারা খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন, এটা নিয়ে অহেতুক বিভ্রান্তি ছড়াচ্ছেন। একজন রাজনৈতিক নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী হিসেবে সরকার খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে কারাবিধি অনুযায়ী সব সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে।’
 
আজ শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচাস্থ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রগতির পথে বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ। 
 
খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনের জন্য প্রস্তুত না এবং আন্দোলন হবেও না। আপনারা হুমকি দিয়ে বলেন, আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটাবেন। কুঁজোর চিৎ হয়ে শোয়ার স্বপ্ন যেমন সার্থক হয় না। আপনাদের মতো দলেরও আন্দোলন করে সরকারের পতন ঘটানোর স্বপ্ন সত্যি হবে না।
 
সংগঠনের উপদেষ্টা জাকির আহমদের সভাপতিত্বে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সভাপতি জিন্নাত আলী খান, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
 
ইত্তেফাক/এমআই