গোয়ায় সমুদ্র সৈকতে জঙ্গি হামলার সতর্কতা

আপডেট : ০৭ এপ্রিল ২০১৮, ২০:১৫
ভারতের গোয়ায় সমুদ্র সৈকতের ক্যাসিনো কিংবা পর্যটকদের ভ্রমণের জন্য তৈরি প্রমোদ তরীগুলোতে পাকিস্তানি জঙ্গিরা হামলা চালাতে পারে, এমন সতর্কতা জারি করা হয়েছে। গোয়ার পর্যটন মন্ত্রী জয়েশ সালগাঁওকার জানিয়েছেন, গোয়েন্দা সূত্র থেকে খবর পাওয়া মাত্র উপকূলরক্ষী বাহিনী তাদের সতর্ক করেছে। 
 
তার দাবি, ‘শুধু গোয়া নয়, দেশের পশ্চিমাংশের সমস্ত উপকূলকেই সতর্ক থাকতে বলা হয়েছে।’ এর আগে, ২৬ নভেম্বর ২০০৮ সালে মুম্বাইয়ে হামলার জন্য আজমল কাসাবসহ অপর পাকিস্তানি জঙ্গিরা ভারতীয় মৎস্যজীবীদের ট্রলার ছিনতাই করেছিলো। গোয়েন্দারা বলছে, এবারও কসাবদের দেখানো ছকেই হামলার চেষ্টা চলছে।
 
সালগাঁওকার জানিয়েছেন, ‘সম্প্রতি ভারতীয় মৎস্যজীবী একটি ট্রলার আটক করার পর তা ছেড়ে দেয় পাক প্রশাসন। খুব সম্ভবত পাক জঙ্গিরা সেই ট্রলার ছিনতাই করেছে।’ সেই ট্রলারে থাকা জঙ্গির সংখ্যা কিংবা তাদের হাতে থাকা অস্ত্র সম্পর্কে কিছু না জানা গেলেও, গোয়ায় সৈকতের রেস্তরা, ক্যাসিনো কিংবা হোটেলগুলোকে সতর্ক করার পাশাপাশি বলা হয়েছে, সন্দেহজনক কাউকে দেখলেই পুলিশকে খবর দিতে। টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/সেতু