আজ বিকাল ৩টায় মাদারীপুর লেকেরপাড় স্বাধীনতা অঙ্গণে মাদারীপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। অধিবেশনে উদ্ভোধনী অনুষ্ঠানে যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেন, বাংলাদেশের জন্য ২০১৮ এর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন বাংলাদেশের অস্তিত্বের নির্বাচন।
তিনি বলেন, আগামী নির্বাচন আমাদের জন্য অগ্নিপরীক্ষা, যুবলীগ বিশ্বাস করে আগামী ২০১৮ এর নির্বাচন বাংলাদেশের জন্য এক মহা পরীক্ষা। এই নির্বাচনের মাধ্যমে নির্ধারিত হবে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির পথে হাটবে না আবার উল্টো পথে যাত্রা করবে। এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের শান্তিপূর্ণ ধর্মীয় সহিষ্ণুতার ধারা অব্যাহত থাকবে, নাকি একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করবে-সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশের ঘরে ঘরে বিদ্যুৎ থাকবে কি না সেই সিদ্ধান্ত নিতে হবে, বিদ্যুৎ চাই নাকি খাম্বা চাই।
যুবলীগ চেয়ারম্যান আরো বলেন, জাতির পিতার সুদূরপ্রসারী চিন্তা ও দর্শন ছিল তারুণ্য নির্ভর। এই রাষ্ট্র তখনই বিকশিত হবে-যখন এ দেশের যুব সমাজ সংগঠিত হবে, নেতৃত্বের জন্য গড়ে উঠবে। এ জন্যই যুব মানস গঠনের লক্ষ্যে জাতির পিতার নির্দেশে শেখ ফজলুল হক মনির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠিত হয়।
তিনি আরো বলেন, যিনি সৃষ্টিশীল তিনিই যুবক। যুবকের কোন বয়সের সীমারেখা নেই। যুবশ্রেণী সমাজের মূল চালিকাশক্তি। দেশের ৪৭ শতাংশ জনগোষ্ঠী যুবক শ্রেণী। মানুষের যৌবনকাল হচ্ছে নিজেকে গড়ে তোলার শ্রেষ্ঠ সময়। মানুষ তার জীবনের যে চারটি স্তর অতিক্রম করে কৈশোর, শৈশব, যৌবন ও বৃদ্ধকাল। তার মধ্যে এই যৌবনকালই হলো শ্রেষ্ঠ কাল, শ্রেষ্ঠ সম্পদ, সৃষ্টির কাল, ইবাদত করার কাল, কর্তব্য পালনের কাল। মা-বাবার প্রতি কর্তব্য পালনের কাল, দেশের প্রতি, সমাজের দায়িত্ব পালনের কাল।
মাদারীপুর জেলা যুবলীগ সভাপতি মোঃ খালিদ হোসেন ইয়াদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পাভেলুর রহমান শফিক খান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি। বিশেষ অতিথি ছিলেন কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, নূর ই আলম চৌধুরী লিটন এমপি। প্রধান বক্তা যুবলীগ সাধারণ সম্পাদক মো: হারুনুর রশীদ, যুবলীগ প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত। বক্তব্য রাখেন, মাহবুবুর রহমান হিরন, আব্দুস সাত্তার মাসুদ, মো: আতাউর রহমান, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, শেখ আতিয়ার রহমান দিপু, যুগ্ম সম্পাদক সুব্রত পাল, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক আসাদ, এমরান হোসেন খাঁন, ঢাকা মহানগর উত্তর যুবলীগ সভাপতি মাইনুল হোসেন খাঁন নিখিল, যুবলীগ সম্পাদক মন্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, এড. কায়সার আহম্মেদ, ইকবাল মাহমুদ বাবলু, শ্যামল কুমার রায়, ঢাকা মহানগর দক্ষিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রমুখ।
ইত্তেফাক/নূহু
