কয়েকমাস আগে ‘হালদা’ ছবি দিয়ে আবারো প্রশংসিত হয়েছেন তৌকীর আহমেদ। তবে তার ‘অজ্ঞাতনামা’ কিন্তু এখনো দর্শকদের চোখে লেগে আছে। এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬ তালিকায় শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। পরিচালক হিসেবে পুরস্কারের পাশাপাশি শ্রেষ্ঠ কাহিনিকার হিসেবেও পুরস্কার পেয়েছেন তৌকীর আহমেদ। এছাড়াও শ্রেষ্ঠ খল-অভিনেতা হিসেবে পুরস্কার পান ‘অজ্ঞাতনামা’য় অভিনয় করা শহীদুজ্জামান সেলিম।
পুরস্কার পাওয়ার অনুভূতি প্রসঙ্গে তৌকীর বলেন, ‘আমি বেশ আনন্দিত এমন একটি পুরস্কারের খবর জেনে। রাষ্ট্রীয় এমন স্বীকৃতি দায়িত্বের মাত্রা বাড়িয়ে দেয়। এছাড়া নির্মাতা হিসেবে অনুপ্রেরণা আমার বড় পাওয়া। এই পুরস্কার আমার সেই অনুপ্রেরণার মাত্রা বাড়িয়েছে।’
২০১৬ সালের আগস্টে মুক্তি পায় ‘অজ্ঞাতনামা’ ছবিটি। মুক্তির পর খুব বেশিদিন হলে ছবিটি না থাকলেও দর্শকদের মাঝে ভালো সাড়া ফেলে। যার অন্যতম কারণ ছিল গল্প। ছবিটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মোশাররফ করিম, নিপুণ, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, আবুল হায়াত, শাহেদ শরীফ খান প্রমুখ।
ইত্তেফাক/রেজা
