নিজের ছেলেকে কাঠের খাঁচায় ২০ বছর ধরে আটকে রেখেছেন ৭৩ বছর বয়সী এক জাপানী বাবা। এ অভিযোগে অবসর ভাতায় জীবনযাপন করা ইয়োশিতানে ইয়ামাসাকিকে গ্রেফতার করেছে পুলিশ। তার ছেলে বর্তমানে শহরের কর্তৃপক্ষের কাছে আছে। দীর্ঘদিন খাঁচায় বন্দী থাকার কারণে তিনি পিঠের সমস্যায় ভুগছেন বলেও জানা গেছে।
জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের কর্মকর্তাদের কাছে ইয়ামাসাকি বলেছেন, ‘মানসিক সমস্যা দেখা দেয়ার ছেলে মাঝেমধ্যে হিংস্র আচরণ করতো, এমন কারণেই তিনি আটকে রাখেন তাকে। এখন তার ছেলের বয়স ৪২। জানা গেছে, যে খাঁচায় ছেলেটিকে আটকে রাখা হয় সেটি উচ্চতায় ১ মিটার ও চওড়ায় ২ মিটারেরও কম। খাঁচাটি সান্ডা শহরে ইয়ামাসাকির বাসার পাশে রাখা থাকতো।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে পশ্চিম জাপানের সমাজকল্যাণ বিভাগের তদারকিতে রয়েছেন তিনি। তদন্তকারীরা মনে করছে ইয়ামাসাকি তার মানসিকভাবে অসুস্থ ছেলেকে ১৬ বছর বয়স থেকেই বন্দী করে রাখা শুরু করে। ঐ সময় থেকে তার মধ্যে মানসিক অসুস্থতার লক্ষণ প্রকাশ হওয়া শুরু করে। তবে তার নামে আনা অভিযোগ অস্বীকার করেছেন ইয়ামাসাকি। কর্তৃপক্ষকে তিনি বলেছেন, ‘ছেলেকে তিনি প্রতিদিন খাবার দিয়েছেন ও গোসল করার সুযোগও দিয়েছেন।’ বিবিসি।
ইত্তেফাক/সেতু
