শিমুল বিশ্বাসের ওপর নারায়ণগঞ্জ কারাগারে চালানো হচ্ছে মানসিক নির্যাতন : রিজভী

আপডেট : ০৮ এপ্রিল ২০১৮, ২২:২২
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং রাজনীতিবিদ অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের ওপর নারায়ণগঞ্জ কারাগারে চালানো হচ্ছে মানসিক নির্যাতন। তার প্রতি করা হচ্ছে অমানবিক আচরণ। তাকে একটি স্যাতসেতে ছোট অন্ধকার নির্জন কক্ষে রাখা হয়েছে। ডিভিশনপ্রাপ্ত বন্দী মানুষ হিসেবে যতটুকু অধিকার পাওয়া কথা সেটি দেওয়া হচ্ছে না। কারাগরে নানাভাবে তাকে হয়রানী ও হেনস্থা করা হচ্ছে। নিম্ন আদালতে দীর্ঘদিন পর পর জামিনের তারিখ দেওয়া হয় যাতে উচ্চ আদালতে প্রতিকার পাওয়ার সুযোগ না পায়। ইতোমধ্যে তিন দফায় আদালত তাকে ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করলেও পুলিশ আদালতের নির্দেশ অমান্য করে ১৯ দিন রিমান্ডে রেখে নির্যাতন করেছে। যাতে তিনি অসুস্থ হয়ে পড়েন।
 
রিজভী অবিলম্বে শামসুর রহমান শিমুল বিশ্বাসের মুক্তি দাবি করেন এবং তার প্রতি সরকারের এহেন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
 
রবিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান। রিজভী বলেন, বেগম খালেদা জিয়াকে সরকারের কারাগার থেকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে আইনশৃঙ্খলা বাহিনী সেখান থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত নেতৃবৃন্দ হলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদকদ্বয় কাজী ইফতেখাইরুজ্জামান শিমুল ও নাসির উদ্দিন শাওন; ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম তুহিন ও যুগ্ম সম্পাদক আতিকুর রহমান রাসেল; বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মো. শাহিন আলম; ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদল সহ-সম্পাদক হাবিবুর রহমান হিমেল; জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা আবির; মহানগর যুবদল নেতা- রাকিব হোসেন ও শ্যামপুর থানা যুবদল  সভাপতি- আলিম আল বারি প্রমুখসহ অনেক। আমি দলের পক্ষ থেকে গ্রেফতারকৃত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহার ও নি:শর্ত মুক্তির জোর দাবি জানাচ্ছি।
 
রুহুল কবির রিজভী বলেন, কারাগারের স্যাঁতস্যাঁতে অন্ধকার প্রকোষ্ঠে নানা রোগে আক্রান্ত হওয়ার পরও এতটুকু দমে যাননি বেগম খালেদা জিয়া। শনিবার হাসপাতালে হাসোজ্জ্যল অভিব্যক্তির সে বার্তাই জানান দিল। মুহূর্তে তাঁর অন্তর্বার্তা পৌঁছে গেছে কোটি কোটি জনগণের হৃদয়ে-আপনারা প্রস্তুত হোন গণতন্ত্র পূনরুদ্ধারের তীব্র আন্দোলনে। 
 
ইত্তেফাক/কেআই