রাখাইনে রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যা নিয়ে প্রতিবেদন করে পুলিত্জার পুরস্কার পেয়েছেন মিয়ানমারে কারাবন্দি রয়টার্সের দুই সাংবাদিক। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য এ পুরস্কার দেওয়া হয়েছে।
রয়টার্সের আলোচিত এ দুই সাংবাদিক হলেন ওয়া লোন (৩২) ও কিয়াও সোয়ে ওউ (২৮)। রাষ্ট্রীয় গোপন তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলে তাদেরকে সাত বছর করে কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত।
মিয়ানমারের ইনদিনে স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বী ও নিরাপত্তা বাহিনীর হাতে ১০ রোহিঙ্গার নির্মমভাবে নিহত হওয়ার ঘটনা নিয়ে প্রতিবেদন করেছিলেন তারা। এই প্রতিবেদনটি বিশ্ব সম্প্রদায়ের নজরে আসে এবং মিয়ানমার সরকার চাপে পড়ে।
আরও পড়ুন: পুলিশ ও প্রশাসন দায় এড়াতে পারে না
রয়টার্সের এই দুইজন সাংবাদিক প্রায় দেড় বছর ধরে কারাবন্দি রয়েছেন। রয়টার্সের প্রধান সম্পাদক স্টিফেন জে অ্যাডলার বলেন, ‘কাজের স্বীকৃতি পাওয়া অবশ্যই একটা সন্তুষ্টির বিষয়। তবে এই মুহূর্তে আমাদের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ রোহিঙ্গা এবং মধ্য আমেরিকার অভিবাসীরা। তাদের দিকে আমাদের মনোযোগ দিতে হবে।’
ইত্তেফাক/নূহু
