কুমিল্লায় বাসে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলায় ৮ জন যাত্রী নিহতের মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন নামঞ্জুর করেছে আদালত। আজ মঙ্গলবার কুমিল্লার ৫ নম্বর আমলী আদালতের বিচারক ও সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ এ আদেশ দেন। আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, কুমিল্লার ৫ নম্বর আমলী আদালতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাজিরা পরোয়ানা (প্রোটেকশন ওয়ারেন্ট) প্রত্যাহার ও জামিনের আবেদন দাখিল করেছিলেন তার আইনজীবীরা। মঙ্গলবার এ আবেদনের শুনানি হয়।
খালেদা জিয়ার জামিনের আবেদনের শুনানিতে অংশগ্রহণ করেন ঢাকা থেকে আসা আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া এবং কুমিল্লার আইনজীবী অ্যাডভোকেট নাজমুস সা’দাত, অ্যাডভোকেট কাইমুল হক রিংকুসহ বিএনপিপন্থী অন্যান্য আইনজীবীরা।
শুনানির পর আদালতের বিচারক ও সিনিয়ির জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ বেগম খালেদা জিয়ার জামিনের আবেদন নামঞ্জুর করে আদেশ দেন।
বেগম খালেদা জিয়ার অ্যাডভোকেট নাজমুস সা’দাত জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদনের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেছে। আমরা তার জামিনের বিষয়ে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করব।
২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে ২০ দলীয় জোটের টানা অবরোধের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি নৈশ কোচে দুর্বৃত্তরা পেট্রোল বোমা ছুঁড়ে মারে। এতে ওই বাসের ৮জন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ৬জন নেতাকে হুকুমের আসামি করা হয়। ৭৭ জন আসামির মধ্যে ৩ জন মারা যান, ৫ জনকে চার্জশিট (অভিযোগপত্র) থেকে বাদ দেয়া হয়। খালেদা জিয়াসহ অপর ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।
ইত্তেফাক/কেকে
