ভাঙ্গুড়ায় সরকারি জমি অবৈধ দখল নেয়ায় যুবকের কারাদণ্ড

আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ১৫:৪৪
পাবনার ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর গ্রামে বাংলাদেশ সরকারের ছয় একর ক-তপসিল ভুক্ত ভিপি জমি অবৈধভাবে দখল করে সেখানে পুকুর খননের অভিযোগ পাওয়া গেছে। একারণে অবৈধ খননকারী মোস্তাফিজুর রহমান নামে এক যুবককে আজ মঙ্গলবার মোবাইল কোর্টের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। কোর্ট পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা সুলতানা।
 
জানা গেছে, ওই গ্রামের রওশন আলী নামের এক প্রভাবশালী ওই জমিতে চাষাবাদ করতেন। এ বছর ধানের আবাদ না করে সেখানে ভেকু মেশিন দিয়ে পুকুর খননের উদ্দেশ্যে মাটি কাটা হয়। তিনি এখান থেকে প্রতি ট্রাক পাঁচশ' টাকা হারে মাটিও বিক্রি করেন। মঙ্গলবার রিপোর্ট লেখা পর্যন্ত দশ লাখ টাকার মাটি বিক্রি করা হয়েছে বলে অভিযোগকারী সুলতানপুর গ্রামের মোশারফ হোসেন ও গোলাম মোস্তফা জানান। ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তারা এর একটি অংশ ভাগ পাচ্ছেন বলেও তাদের অভিযোগ।
 
ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা সদর উদ্দিন অবশ্য এ অভিযোগ মিথ্যা দাবী করে বলেছেন, বার বার নিষেধ করা সত্ত্বেও রওশন আলী ও তার ছেলে মোস্তাফিজুর রহমান পুকুর খনন কাজ অব্যাহত রেখেছেন। সহকারী কমিশনার মাহফুজা সুলতানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মঙ্গলবার তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোস্তাফিজুর রহমানকে আটক করেন। এরপর তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা করেন। কিন্তু জরিমানা প্রদানে অপারগতা প্রকাশ করায় তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। পুলিশ মোস্তাফিজুর রহমানকে গ্রেফতার করে পাবনা জেল হাজতে প্রেরণ করেছে।
 
ইত্তেফাক/এসএস