উত্ত্যক্তের প্রতিবাদ করায় মেয়ের পিতাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ১৫:৫১
উত্যক্ত করার প্রতিবাদ করায় মেয়ের পিতাকে হত্যার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছেন নেত্রকোনা জজ আদালত। এ ছাড়া অপরাধ প্রমাণিত না হওয়ায় দুইজনকে বেকসুর খালাস দেয়া হয়। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা  আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন। 
 
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের আসদাটি গ্রামের ওয়ারেছ আলীর পুত্র মানিক মিয়া (১৮)। তিন বছরের সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- একই গ্রামের ওয়াহেদ আলী (৬০), মুর্তুজ আলী (৫০), ইয়াদ আলী (৪৫) ও ছোয়াব আলী(২৫)। বেকসুর খালাস প্রাপ্তরা হলেন- ওয়ারেছ আলী (৬৫) ও ওয়াজেদ আলী (১৭)। ১১ বছর মামলাটি চলার পর মঙ্গলবার এই রায় ঘোষণা করা হয়।   
 
মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের আসদাটি গ্রামের বঙ্কিম চন্দ্র সূত্রধরের মেয়ে বড়ওয়ারী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে একই গ্রামের ওয়ারেছ আলীর বখাটে পুত্র মানিক মিয়া উত্ত্যক্ত করতেন। ঘটনাটি পারিবারিকভাবে জানাজানির পর মেয়ের পিতা মানিকের বাড়িতে প্রতিবাদ করতে গেলে মানিক ও তার লোকজন  ২০০৭  সালের ৩০ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। এতে বঙ্কিম চন্দ্র সূত্রধর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 
 
এ ঘটনায় আসদাটি গ্রামের ক্ষিতিশ চন্দ্র সূত্রধরের পুত্র কানাইলাল সূত্রধর বাদী হয়ে বখাটে মানিক মিয়াসহ ৭ জনকে আসামি করে ২০০৭ সালের ১ অক্টোবর নেত্রকোনা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০০৮ সালের ২৭ মার্চ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। বিচারক ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় প্রদান করেন।
 
ইত্তেফাক/ইউবি