বিএনপি-জামায়াত নির্বাচন ঠেকাতে নানা চক্রান্ত ষড়যন্ত্র করছে উল্লেখ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন- নির্বাচন নিয়ে কোন ফর্মুলা দিয়ে বা চক্রান্ত-ষড়যন্ত্র করে লাভ নেই। নির্বাচন ঠেকানোর ক্ষমতাও কারো নেই। বিশ্বের বিভিন্ন গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু। ওই নির্বাচনী মাঠে যারা ফাউল করবে, জনগণ তাদের লালকার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেবে বলেও তিনি মন্তব্য করেছেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনার নেতৃেত্ব এদেশের জনগণ আলোর পথ পেয়েছে। কেউ আর অন্ধকারের পথে জঙ্গিবাদের পথে ফিরে যেতে চায় না।
মঙ্গলবার তাঁর নির্বাচনী এলাকা সিরাজগঞ্জের কাজীপুরে এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতা দেন।
কাজপিুরের বরইতলীতে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, পাঁচ’শ আসন বিশিষ্ট শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম ও কুড়িপাড়ায় শহীদ এম মনসুর আলী স্মৃতি জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত কাজীপুর উপজেলা পরিষদ মাঠে চৈত্রের ভরদুপুরে অনুষ্ঠিত এ জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজম্মেল হক ও নৌ পরিবহণ মন্ত্রী শাহজাহান খান। সভায় সভাপতিত্ব করেন সাবেক এমপি তানভীর শাকিল জয়। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন বগুড়া -৫ আসনের এমপি হাবিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু ইউসুফ সূর্য্য, কাজীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল ও দলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী।
তিন মন্ত্রী যৌথভাবে কাজীপুর উপজেলা চত্বরে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন। পরে মেঘাই ঘাটে নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানের নেতৃত্বে নৌঘাট পরিদর্শন করা হয়। বিকেলে পিপুলবাড়িয়ায় রতনকান্দি, বাগবাটি, চোনগাছা ও মেছড়া ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের সংবর্ধন অনুষ্ঠানে তিন মন্ত্রী যোগ দেন। এখানে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম চৌধুরীসহ মুক্তিযোদ্ধাদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়। এসময় অন্যান্যের মধ্যে কৃষকলীগ নেতা আব্দুল লতিফ তারিন সহমুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুল ইসলাম সফি বক্তৃতা দেন।
উন্নয়ন ও শান্তির জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কোন বিকল্প নেই মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম দেশের সার্বিক কল্যাণ, শান্তি ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় শেখ হাসিনার নেতৃত্বে আবারও নৌকা মার্কায় ভোট দেবার জন্য তাঁর নির্বাচনী এলাকা কাজীপুরসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি বলেছেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। এ কারণেই বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ করছে। মুক্তিযোদ্ধাদের আবাসন সংকটসহ সকল সমস্যা সমাধান করবে এই সরকার।
নৌ-পরিবহনমন্ত্রী শাহাজাহান খান খালেদা জিয়াকে মিথ্যাচারে বিশ্ব চ্যাম্পিয়ন মন্তব্য করে বলেন, বিএনপি, জামায়াত খুনির দল, তাদের হাতে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয়। খালেদা জিয়া ১৪ সালের নির্বাচনে পরাজিত হয়ে সরকার পতনের ষড়যন্ত্র করে যাচ্ছে। মুক্তিযোদ্ধার কোঠা নিয়ে আন্দোলনের নামে ষড়যন্ত্র করছে বলেও তিনি মন্তব্য করেন।
ইত্তেফাক/এমআই
