নারী শ্রমিক গণধর্ষণের ঘটনায় বাসচালকসহ ৫ জন রিমান্ডে

আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ০১:৪৯
 
ঢাকার ধামরাই উপজেলায় চলন্ত বাসে এক নারী শ্রমিককে গণধর্ষণের ঘটনায় বাসটির চালকসহ পাঁচজনকে রিমান্ডে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার বিচারিক হাকিম আতিকুর রহমান এ আদেশ দেন।
 
আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির বাবুল জানান, ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে আসামিদের হাজির করে তদন্ত কর্মকর্তা ধামরাই থানার পরিদর্শক জাকারিয়া সাত দিন রিমান্ড আবেদন করেন। বিচারক প্রত্যেক আসামিকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে পাঠানো আসামিরা হলো বাসচালক বাবু মল্লিক, বলরাম, সোহেল, আবদুল আজিজ ও মকবুল হোসেন।
 
এ ছাড়া গতকাল ধর্ষণের শিকার নারী বিচারিক হাকিম মনিকা খানের আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রেজাউল দীপু জানান, গণধর্ষণের শিকার ওই নারী শ্রমিক উপজেলার একটি পোশাক কারখানায় চাকরি করেন।
 
গত রবিবার কাজ শেষ করে বাড়ি ফেরার জন্য তিনি যাত্রীসেবা পরিবহনের ওই বাসটিতে ওঠেন। এ সময় বাসটির ভেতরে থাকা কয়েকজন যুবক, বাসচালক ও চালকের সহকারী মিলে ওই নারী শ্রমিককে ধর্ষণ করে। পরে ওই নারীর চিত্কার শুনতে পেয়ে ধামরাইয়ের পাল সিএনজি স্টেশনের সামনে থেকে পুলিশ বাসটি আটক করে। এ সময় বাস থেকে পাঁচজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ওই পাঁচজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করে।