খালেদা জিয়ার ১১ মামলার অভিযোগ গঠনের শুনানি ১৫ মে

আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ০৯:২৩
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত ১১টি মামলার অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ১৫ মে দিন ধার্য রেখেছে আদালত। আসামি পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন। এসব মামলার মধ্যে নাশকতার ৮টি মামলা মিরপুরের দারুসসালাম ও ২টি যাত্রাবাড়ী থানায় দায়ের করা হয়েছে। আর একটি হলো রাষ্ট্রদ্রোহের মামলা। এসব মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
 
খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, ১১টি মামলার সবকটি উচ্চ আদালতের আদেশে স্থগিত রয়েছে। এ কারণে আদালত ১৫ মে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছে।
 
এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা বৃদ্ধির প্রশ্নে জারিকৃত রুলের শুনানিতে অংশ নেবেন খালেদা জিয়ার আইনজীবীরা। এ লক্ষ্যে গতকাল মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবীদের ওকালতনামা দাখিল করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেন, আইনজীবীদের তালিকা সম্বলিত ওকালতনামা দেয়া হয়েছে। এখন রুলের শুনানিতে খালেদা জিয়ার পক্ষে শুনানিতে অংশ নেবেন আইনজীবীরা।
 
গত ২৮ মার্চ জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়ার সাজা কেন বৃদ্ধি করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করে হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ওই আদেশ দেয়। এই মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে বিশেষ জজ আদালত-৫।
 
ইত্তেফাক/কেকে